ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দেড় দশকের তৃণমূল জমানায় তাঁর বিরুদ্ধে কয়লা পাচার, বালি পাচার-সহ একাধিক অভিযোগ উঠেছিল। তবে তিনি গ্রেফতার হননি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। তবে তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তৃণমূল সাংসদের এই রক্ষাকবচ বহাল থাকবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্য কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে জানতে চান, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়েছিল কিনা। এই প্রশ্নের জবাবে এএসজি জানান, ৪ মে-র আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন কোনও মামলা দায়ের হয়নি। আদালত জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল এফআইআর খারিজ করা হচ্ছে না। সবপক্ষকে হলফনামা বিনিময়ের সুযোগ দেওয়া হবে। তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট থানাগুলির সমস্ত মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করতে হবে বলেও জানান বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত এফআইআর বাতিল করার আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনের শুনানিতে হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়, তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হচ্ছে না। পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট। তবে অভিষেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
পাশাপাশি বিচারপতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন, তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে হবে। তাঁর অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট।