ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত সতর্কতা রাজধানী দিল্লিতে। জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লি জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আল-কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিন এবং খলিস্তানপন্থী ১৯ জঙ্গির ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের দাবি, বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে এই জঙ্গিরা যুক্ত ছিল।
গোয়েন্দা সূত্রের খবর, যে ১৯ জন জঙ্গির ছবি প্রকাশকরা হয়েছে, তাদেরকে দীর্ঘ দিন ধরে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে এরা। এদের গতিবিধির উপর নজর রাখছে তদন্তকারীরা। পাশাপাশি কোনও ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডযাতে না ঘটাতে পারে, সে কারণে তৎপরতাও বাড়িয়েছেন গোয়েন্দারা। পুলিশের তরফে দিল্লিবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কাউকে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে ১৯ জন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তারা ইন্ডিয়ান মুজাহিদিন,আল-কায়দা এবং খলিস্তান গোষ্ঠীর সদস্য। পাঁচ জন আইএম-এর সদস্য রয়েছে। তাদের নাম ইখবাল ভটকল, কর্নাটকের বাসিন্দা সে। আরেকজন রিয়াজ ভটকল, বেঙ্গালুরুর জুনেইদ আহমদ, উত্তরপ্রদেশের মহম্মদ খালিদ এবং মহারাষ্ট্রের পুণের মহসিন চৌধরী।
আলকায়দা মডিউলের ছয় জঙ্গির মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের আবু সুফিয়ান, জামশেদপুরের সৈয়দ মহম্মদ আর্শিয়ান, সম্ভলের বাসিন্দা মহম্মদ শরজিল আখতার, দিল্লির সীলমপুরের মহম্মদ রেহান, বেঙ্গালুরুর মহম্মদ শাহিদ ফৈজল এবং হায়দরবাদের মহম্মদ উমর। হামলার আশঙ্কায় দিল্লিতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, মেট্রো স্টেশন, ঐতিহাসিক স্থান এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীও। এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।