বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের পার্শ্বস্থ ভাগাড় দখলের চেষ্টা! অভিযোগ দমদম এলাকার কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে সেখানে উপস্থিত কয়েকজন কর্মীকে মারধরও করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন চারজন। ইতিমধ্যেই এই ঘটনায় দমদম থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত আবর্জনা নেওয়া হবে না জানিয়েছে কর্তৃপক্ষ।
দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ মোট পাঁচটি পৌরসভা এলাকার আবর্জনা ফেলা হয় ওই ভাগাড়ে। অভিযোগ, গতকাল রাতে হঠাৎ বেশকিছু যুবক বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে প্রমোদনগরে থাকা ওই ডাম্পিং গ্রাউন্ডে নিরাপত্ত রক্ষী নিয়োগ করে যায়। জানান হয়, এবার থেকে ওই ভাগাড় তারাই পরিচালনা করবে। এরপর সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্তদের। পরে বচসা তীব্র আকার ধারণ করলে শুরু হয় হাতাহাতি। অভিযোগ প্রায় চল্লিশজন যুবক সেখানে ঢুকে তাণ্ডব চালায়। তুমুল উত্তেজনায় আহত হন ডাম্পিং গ্রাউন্ডে কর্মরত চারজন।
গতকাল রাতের ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন সার প্রস্তুতকারী সংস্থা ‘ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড’। তাদের কর্মীদের যারা মেরেছে তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত ওই ভাগাড়ে কোনও পৌরসভার আবর্জনা নেয়া হবে না বলে জানিয়েছে ওই সংস্থার কর্মীরা।
অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দমদমের বিজেপি নেতা টিংকা দাসের কথায়, যারা এই ধরনের বেআইনি কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। অন্যদিকে তৃণমূল নেতা সৌরভ প্রিয় দত্তের অভিযোগ, এই পরিবেশ কাম্য নয়। নেপথ্যে সিন্ডিকেট বা তোলাবাজি চক্র আছে বলেও মন্তব্য করছেন তিনি।