ওঙ্কার ডেস্ক: রবিবার সকালে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় এক বহুতল আবাসনে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন ওই আবাসনেই থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরত জাহান একই আবাসনের বাসিন্দাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং পরিচালক শুভ্রাজিত মিশ্র-ও।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বহুতলটির পঞ্চম তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা যায়।
আবাসনের বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সবাইকে দ্রুত বাইরে বের করে আনা হয়। যশ দাসগুপ্ত ও নুসরত জাহান তাঁদের সন্তানসহ নিরাপদে নীচে নেমে আসেন। অন্যান্য বাসিন্দারাও সময়মতো বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, একটি ঘরে জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দমকল আধিকারিকরা ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছেন। কোথাও শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে।
এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে বহুতলের একটি অংশে আগুনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটতে সময় লেগেছে বাসিন্দাদের। রবিবার সকালের এই ঘটনায় টালিগঞ্জের ব্যস্ত এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
