ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর থেকে উচ্ছেদ অভিযান চলছেই। এবার কি কলকাতার রাস্তাও হকারমুক্ত হবে? তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসেছেন, যারা বসিয়েছেন, সবাইকেই বুঝতে হবে।”
বিজেপি সরকার ফুটপাত জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেবে? এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই বিষয়েই বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, “ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসেছেন, যারা বসিয়েছেন, সবাইকেই বুঝতে হবে। চেঁচামেচি করে কোনও লাভ হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন। তাঁদের চলাফেরা করার অধিকার আছে। যে দোকান, তাঁরা ট্যাক্স দেন। তার সামনে দোকান বসে গিয়েছে। এগুলো ঠিক নয়। ফুটপাত পাওয়া যায় না। কলকাতায় একেই ছোট রাস্তা। গাড়িঘোড়ার জ্যাম। তার উপর রিস্ক নিয়ে যদি রাস্তায় হাঁটতে হয়, এগুলো পরিষ্কার করতে হবে। আর নিজেরা সরে গেলেই ভাল।”
হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশন ফাঁকা করা হয়েছে ইতিমধ্যেই। কলকাতারও বহু রাস্তার ফুটপাতও হকারদের দখলে রয়েছে। সাধারণ মানুষজন ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারেন না অনেক সময়। বহু ক্ষেত্রে সাধারণ মানুষদের সঙ্গে দোকানিদের বচসাও হয় বলে অভিযোগ।