ওঙ্কার ডেস্ক:রাজ্যে ক্ষমতায় আসার পর রাস্তার নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে নয়া বিজেপি সরকার। ইতিমধ্যেই সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি রোড। এবার কলকাতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর।
রাজ্যের বিভিন্ন রাস্টার নাম বদলের বিষয়টি বিবেচনার জন্য শুভেন্দু অধিকারীর সরকার যে কমিটি গঠন করেছে, সেটির অন্যতম মুখ কার্তিক মহারাজ আগেই ইঙ্গিত দিয়েছিলেন লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির নাম বদল করা হবে বলে। এবার সেই প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে রাজ্য সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে বলে খবর।
সূত্রের দাবি, লেনিন সরণির নতুন নাম হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি। ভারতীয় জনসংঘের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন দেবপ্রসাদ ঘোষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর তিনি সংগঠনটির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছিলেন। বিজেপি নেতা তথা নামকরণ মূল্যায়ন কমিটির সদস্য তথাগত রায় জানিয়েছেন, আরও কয়েকটি রাস্তার নাম নিয়েও আলোচনা হয়েছে। কার্ল মার্কস সরণি নিয়েও রয়েছে ভাবনা। ওই রাস্তার নাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে রাখার কথা ভাবা হচ্ছে।
এ ছাড়া হো-চি-মিন সরণির নাম নিয়েও রয়েছে বদলের ভাবনা। প্রস্তাবিত নতুন নাম হতে পারে মার্টিন লুথার কিংয়ের নামে। এগুলি ছাড়াও স্ট্র্যান্ড রোড এবং মেয়ো রোডের নাম নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর। এই দুই রাস্তার কোনওটির নাম সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার সম্ভাবনাও রয়েছে। তবে কোনও নামই এখনও চূড়ান্ত হয়নি। প্রথমে প্রস্তাব তৈরি হবে। পরে তা কমিটির বৈঠকে আলোচনা করা হবে। কমিটির অনুমোদন মিললে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।