ওঙ্কার ডেস্কঃ জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে বুধবার বিকেলে দিল্লি গেছেন ঋতব্রত পন্থী তৃণমূলেরা। বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার পালা। সেই আবহেই ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, “বেইমান গদ্দারদের আর দলে ফেরাব না। দলের কর্মীরাই আমার সম্পদ, যাঁরা সঙ্গে আছেন তাঁদের নিয়েই তৃণমূল কংগ্রেস চলবে।”
সূত্রের খবর, ২১ জুলাইয়ের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা জানিয়েছেন, “শহিদ সমাবেশ হবেই। সকলে প্রস্তুত থাকুন।” একুশের সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে। অনুমতি না পেলে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তাঁরাই এই দাবিতে জ্ঞানেশ কুমারে সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিদ্রোহী শিবির। সে ক্ষেত্রে ২১ জুলাইয়ের আগেই তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই জ্ঞানেশের হাতেই এখন তাঁর তৈরি প্রতীকের ভাগ্য।