স্পোর্টস রিপোর্টার : ১৯৮০ সালের ১৬ আগস্টের সেই মর্মান্তিক ঘটনায় পরবর্তীতে আইএফএ ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ভোলেন্টারি ব্লাড ডোনার্স এর যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়।
প্রতি বছরের মতো এবারও ৪৭তম ফুটবল প্রেমী দিবস হিসেবে আইএফএ ও অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনারস এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই শিবিরে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৩০২ জন রক্তদান করেন। কলকাতা ছাড়াও ঘাটালে ২৭৭ জন, ডেবরায় ১০০ জন, পূর্ব মেদিনীপুরে ৯৪ জন, দাঁতনে ৭৯ জন, টাকিতে ৭০ জন, ঝাড়গ্রামে ৫৫ জন, চিত্তরঞ্জনে ৩২ জন, শিলিগুড়িতে ৩০ জন, তমলুকে ২৩ জন, কুলটিতে ২২ জন সব মিলিয়ে সারা রাজ্যে ১০৮৪ জন রক্তদান করেন।

এবছর ফুটবল প্রেমী দিবসে রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী, জামশেদ নাসিরি, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, দীপঙ্কর রায়, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন, মহিলা ফুটবলার ও কোচ দোলা মুখার্জী। ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গজল জাফর, ফুটবল সচিব বেলাল আহমেদ, ময়দানের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা। এ ছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি দিলীপ নারায়ণ সাহা, যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল,রাকেশ ঝাঁ ও সুদেষ্ণা মুখার্জী। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশে সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে।