ওঙ্কার ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির নজরে মদন মিত্রের পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই পুত্রকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিধায়কের স্ত্রী ও পুত্রদের নাম জড়িয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। সেকারণেই মদন মিত্রের ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত জুন মাসেই মদন মিত্রের একাধিক বাড়িতে একসঙ্গে তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু ইডি-ই নয়, গত বছরের অক্টোবরে এই একই মামলার সূত্রে সিবিআই-ও মদনের বাড়িতে হানা দিয়েছিল এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে নথিপত্র ঘেঁটেছিল। এবার সেই তদন্তেরই ধারাবাহিকতায় বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে সরাসরি তলব মদন মিত্রের পরিবারকে।
উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। শুধু তাই নয়, সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিটও জমা দিয়েছে। সুজিত বসুর পর এবার মদন মিত্রের পরিবারের দিকে ইডির নজর। ২৫০ কোটির দুর্নীতির শিকড় আর কতদূর বিস্তৃত তার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।