ওঙ্কার ডেস্ক: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল লিজ হোল্ডারকে। বুধবার গভীর রাতে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আবু জাফর নামে ওই ব্যক্তিকে পাকড়াও করেন। এন্টালি থানার জোড়াসাঁকো এলাকায় তাঁর বাড়ি থেকে আবু জাফরকে ধরা হয়। এই ঘটনার তদন্তে আরও দু’জনকে আটক করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যে হোটেলে আগুন লেগেছিল সেটির ম্যানেজার এবং এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। সূত্রের খবর, বৃহস্পতিবার মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে।
উল্লেখ্য, বুধবার ভোররাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। হোটেলের ভিতরে তখন বহু আবাসিক ছিলেন। আগুনের পাশাপাশি ঘন ধোঁয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশের নাগরিক ছিলেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন আবাসিকের অভিযোগ, সেখানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি থেকে বিস্ফোরণ বা বৈদ্যুতিক সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর শহরের হোটেল ও বাণিজ্যিক ভবনগুলির নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। ‘শিখা ইন’ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুর কমিশনার স্মিতা পাণ্ডে শহরের ১৬টি বরোর বাণিজ্যিক ভবনগুলির নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় লাইসেন্স খতিয়ে দেখা হবে।