ওঙ্কার ডেস্ক: তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই তিনি রাজ্যে পৌঁছবেন বলে খবর। তিন দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
ভারত-নেপাল সীমান্তে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই রাজ্যে একাধিক সন্দেহভাজন পাক এজেন্ট ধরা পড়েছে। ফলে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক প্রশাসন। তদন্তকারীদের নজরে রয়েছে এখন কোচবিহারের দিনহাটা। গত কয়েক দিনে সেখান থেকে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তাঁদের সঙ্গে পাক গুপ্তচরচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে শাহের উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।শুধু ভারত-নেপাল সীমান্ত নয়। ভারত-বাংলাদেশ সীমান্তেও চিনের নজরদারি নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্রের খবর, সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেনা কর্তাদের সঙ্গেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পাহাড়ের রাজনৈতিক সমস্যা। দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন পাহাড়ি রাজনৈতিক দলের নেতারা। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁদের বৈঠক হয়েছে। এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি থাকার কথা রয়েছে। সাংসদ রাজু বিস্তা এবং পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও উপস্থিত থাকার কথা। পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই এবং ভরত ছেত্রীও বৈঠকে যোগ দিতে পারেন। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।