ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে এ বার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। প্রতি বছরই ১৫ অগস্টের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে কড়া নিরাপত্তা থাকে। তবে এ বার সেই নিরাপত্তা আরও কয়েক ধাপ বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো কলকাতা পুলিশের পাশাপাশি রেড রোডে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোনও রকম অপ্রীতিকর ঘটনা বা নাশকতার সম্ভাবনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর।
প্রতি বছর স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডকে ঘিরে একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে অতিথি ও আমন্ত্রিতদের পরিচয়পত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি গোটা এলাকা মুড়ে ফেলা হয় পুলিশি নজরদারিতে। এ বার সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ফলে নিরাপত্তার দায়িত্ব ভাগ করে দিয়ে আরও আঁটসাঁট করা হচ্ছে গোটা ব্যবস্থা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করেন। তার পর জাতীয় সঙ্গীত এবং বন্দেমাতরম গাওয়ার মধ্যে দিয়ে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। রাজ্য পুলিশের বিভিন্ন শাখা, কলকাতা পুলিশ, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নেন। ফলে সকাল থেকেই রেড রোড এবং সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিড় সামলানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের কাছে বড় দায়িত্ব।
নিরাপত্তার ক্ষেত্রে রেড রোডের পাশাপাশি সংলগ্ন এলাকাগুলিতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তা, মোড়, প্রবেশপথ এবং অনুষ্ঠানস্থলের আশপাশে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু চোখে পড়লে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও বিভিন্ন জায়গার উপর নজর রাখা হচ্ছে।