ওঙ্কার ডেস্ক: শ্লীলতাহানি, তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গরফা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি সার্ভে পার্ক থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ২৩ জুন দুটি পৃথক মামলা রুজু করা হয়। প্রথম মামলায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে কাজে বাধা দেওয়া, মারধর, সম্পত্তি নষ্ট করা, এক মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগ, চুরি, অনধিকার প্রবেশ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে। দ্বিতীয় মামলায় তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগকারীদের বয়ান, নথিপত্র এবং অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত তারকেশ্বর চক্রবর্তী কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে গরফা-সন্তোষপুর এলাকায় তৃণমূলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অভিযোগগুলির সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না এবং অভিযোগকারীদের বক্তব্যের সঙ্গে সংগৃহীত তথ্যপ্রমাণের মিল খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ঘটনাস্থল সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণও সংগ্রহ করছেন।
সাম্প্রতিক সময়ে রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, জবরদস্তি এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে পুলিশি পদক্ষেপ দেখা গিয়েছে। সেই আবহেই তারকেশ্বর চক্রবর্তীর গ্রেফতারি নতুন করে রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে বলে জানিয়েছে পুলিশ।