নিজস্ব সংবাদদাতা: চোরবাগানের পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দুর্গাপুজোর অনেক আগেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে শ্যামপুরের বেলপুকুর কলেজ মাঠে এক বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে তিনি বলেন, সপ্তমীর রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য ২০২৭-এর পুজোর বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করবে সরকার।
মুখ্যমন্ত্রীর কথায়, আনন্দের উৎসবের মধ্যেই বড় শোক নেমে এসেছে। চোরবাগানে কিছু মানুষের ভুলে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই ২৫ জন আহতকে সুস্থ করে তোলা হয়েছে। বাংলার ১৮ জন মৃতের মধ্যে ১২ জনের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি, বাকি ৬ জনের বাড়িতে ২৩ ও ২৪ তারিখের মধ্যে যাবেন। তিনি আরও বলেন, মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, তবু সরকার হিসেবে দায়িত্ব পালন করা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই অঙ্গীকার নিতে হবে।
এদিনের বক্তব্যে শ্যামপুরের অতীতের অশান্তির প্রসঙ্গ তুলে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, যারা একসময় মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিল, আজ তারাই প্রিজন ভ্যানে উঠছে। আর যারা দুর্গা প্রতিমা ভেঙেছিল, তাদের মা দুর্গাই ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন।
শ্যামপুরের উন্নয়ন নিয়েও একগুচ্ছ ঘোষণা করেন তিনি। জানান, বর্তমানে এখানে ১৪ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ডিসেম্বরের মধ্যেই তা বাড়িয়ে ১০০ শয্যা করা হবে, সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে পরিষেবা চালু হবে। সাইক্লোন-প্রবণ এলাকা হওয়ায় নদী বাঁধ মেরামত, কাঠের সেতুগুলিকে পাকা করা এবং বোয়ালিয়ায় একটি বড় সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান। পর্যটনের ক্ষেত্র হিসেবেও শ্যামপুরকে তুলে ধরার সম্ভাবনার কথা বলেন।
পাশাপাশি রাজ্য সরকারের নিয়োগের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। জানান, আগামী বছরের ৮ মে-র মধ্যে এক লক্ষ যুবক-যুবতীকে স্বচ্ছভাবে চাকরি দেওয়া হবে। পঞ্চায়েতগুলিকে বিকশিত ভারত ভিবি জিরামজি প্রকল্পে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ছয় মাসে প্রতিটি পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকার কাজ করতে হবে, ১২৫ দিনের কাজের আওতায় ৩৭০ ধরনের কাজের সুযোগ রয়েছে। আবাস যোজনার পরবর্তী পর্যায়ে আরও ২৫ লক্ষ বাড়ি তৈরির কথাও ঘোষণা করেন।