কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগে এবার তদন্তের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে তাঁর বিরুদ্ধে ৮৫ লক্ষ এবং তাঁর এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন।
বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, সমবায়ের নিয়ম অনুযায়ী কৃষক ছাড়া কারও ঋণ পাওয়ার কথা নয়। কিন্তু মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে ঋণ নিয়েছিলেন ঋতব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত স্নেহাশিস। ওই টাকা তিনি ফেরত দিয়েছেন কি না এবং ফেরত দিলে টাকার উৎস কী, তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।
অভিযোগ সামনে আসার পরেই সমবায়ের আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগে ম্যানেজার স্বপন পাত্র এবং কর্মী রমেশ পাত্রকে গ্রেফতার করে পুলিশ। এবার সরাসরি মাঠে নামল কমিশন। সূত্রের খবর, কমিশনের সদস্যরা সিংটিতে গিয়ে সমবায় সমিতির সমস্ত নথি খতিয়ে দেখবেন।
প্রসঙ্গত, নতুন সরকার ক্ষমতায় এসে জানিয়েছিল ২০১১ থেকে ২০২৬-এর মে মাস পর্যন্ত আমফান ত্রাণ, মিড-ডে মিল, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন দফতরের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে এই কমিশন। কমিশন নিজে তদন্তকারী সংস্থা নয়, তবে দুর্নীতি পেলে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে পারবে। যদিও ইডি বা সিবিআই ইতিমধ্যেই যে বিষয়ে তদন্ত করছে, সেখানে তারা হস্তক্ষেপ করবে না। সেই কাঠামোর মধ্যেই এবার স্নেহাশিসের ঋণ-কাণ্ডের তদন্ত শুরু হল।