ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। তামিলনাড়ুর দিন্দিগুলের বাসিন্দা ওই পড়ুয়াদের গাড়ি কেরলের ত্রিশূর জেলায় জাতীয় সড়ক ৬৬ এ দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে। তার জেরে প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লরিটি “অবৈধভাবে” রাস্তায় দাঁড় করানো ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ কাইপামাঙ্গালমের পানাম্বিক্কুন্নু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাওয়ার সময় গাড়িটি লরিটির পেছনে ধাক্কা মারে। লরিটিতে মহারাষ্ট্রের নম্বরপ্লেট লাগানো ছিল বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। এফআইআর (FIR) অনুযায়ী, নির্মাণকাজের জন্য গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ব্যারিকেডও বসানো ছিল রাস্তায়। তার কাছেই লরিটি অবৈধভাবে দাঁড় করানো ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে এসে লরিতে ধাক্কা মারে। মনে করা হচ্ছে চালক সম্ভবত ব্যারিকেডটি খেয়াল করতে পারেননি। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ঘটনাস্থলেই ছয় জন ছাত্রের মৃত্যু হয়। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে জানা গিয়েছে নিহতরা দিন্দিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। জাতীয় সড়ক ৬৬ ব্যবহার করে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল তারা।
নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে চার জনের নাম—সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোশুয়া—তারা দিন্দিগুলের বাসিন্দা। বাকি দুজন সন্তোষ ও প্রসন্ন মাদুরাইয়ের বাসিন্দা। অবশিষ্ট দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দমকল ও পুলিশের যৌথ চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে তরুণদের বের করে আনা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।