ওঙ্কার ডেস্ক: সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়নের তীব্র সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। এক অনুষ্ঠানে অংশ নিয়ে শুক্রবার তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে যে নিরপেক্ষতা প্রত্যাশিত, তা যেন হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত বেদনাদায়ক।
বিচারপতি ভূঁইয়া বলেন, ‘ভারতীয় পুলিশ সার্ভিসের তরুণ আধিকারিকরা যখন বিক্ষোভকারীদের উপর হামলা করে, তা দেখে আমরা সকলেই হতাশ ও মর্মাহত হই। এমন দৃশ্য দেখা অত্যন্ত বেদনাদায়ক।’ অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক যশোবর্ধন আজাদের লেখা ‘পুলিশিং দ্য রিপাবলিক’ বইয়ের প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিচারপতি ভূঁইয়া এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘পুলিশ আধিকারিকদের কাছ থেকে যে নিরপেক্ষতা ও সংযম প্রত্যাশিত, তা কোনওভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে গভীর উদ্বেগের।’
বিচারপতি ভূঁইয়া বলেন, অতিরিক্ত বলপ্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘন না করেই পুলিশি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। তিনি বলেন, ‘অধিকাংশ সাধারণ মানুষের কাছে, পুলিশ রাষ্ট্রের শক্তি ও কর্তৃত্বের প্রতীক। নিজেদের প্রতি অবিচার হলে তারা পুলিশের সাহায্য চায়। তাই, পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।উল্লেখ্য সিজেপির বিক্ষোভের সময় ছাত্রদের ওপর পুলিশ বাহিনীর দমনপীড়ন নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই আবহে বিচারপতি ভূঁইয়ার মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।