গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: উৎসবের মরশুম শুরু হতেই ফের পুজোর চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনায়। এবার ঘটনাস্থল ক্যানিংয়ের তালদি। বেশি টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় একটি মালবাহী লরি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় একটি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি এলাকার ওই পুজো কমিটির কয়েকজন সদস্য একটি মালবাহী লরির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। লরির চালক সেই দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পুজো কমিটির কয়েকজন যুবক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণ পরেই কয়েকজন যুবক বাইকে চড়ে এসে লরিটিকে আটকায় এবং লাঠি ও ইট দিয়ে ভাঙচুর চালায়। হামলায় লরির সামনের কাঁচ এবং বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর আতঙ্কে লরির চালক ও খালাসি এলাকা ছেড়ে চলে যান।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর নামে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য, প্রতিবছরই পুজোর আগে এইভাবে জোর করে বেশি টাকা চাঁদা নেওয়া হয়, না দিলে হুমকি ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত লরির মালিকের তরফে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং চাঁদার নামে তোলাবাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।