ওঙ্কার ডেস্ক: ধর্মতলার সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিল আদালত। ১ সেপ্টেম্বরের শুনানিতে মমতার বক্তব্যের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য।
রিপোর্টে রাজ্যের বক্তব্য, মুখ্যমন্ত্রীর মন্তব্যের মধ্যে আদালতের হস্তক্ষেপের মতো কোনও অপরাধের উপাদান নেই। রাজ্যের এই বক্তব্যের পরই মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। ঘটনার সূত্রপাত গত ২ জুন। নির্বাচনের পর ধর্মতলার ওয়াই চ্যানেলে একটি সভা ও ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মমতা। সেখানেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী অবশ্য বক্তব্যে কারও নাম সরাসরি বলেননি। তবে মামলাকারীর বক্তব্য ছিল, তাঁর কথায় বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে এসেছে।
এই বক্তব্যকে কেন্দ্র করেই জনৈক অভ্রতনু সরকার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলাটি আদালতে উঠতেই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
১ সেপ্টেম্বরের শুনানিতে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জানতে চেয়েছিল, কোনও ব্যক্তি যা বলবেন, তার সবটাই কি আদালতকে শুনতে হবে? আদালত প্রশ্ন তোলে, বিষয়টি কীভাবে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য হয়।
উল্লেখ্য ২ জুনের সভায় বাংলাদেশের প্রসঙ্গ তুলে মমতা বলেছিলেন, বাংলাদেশের এক ‘বড় খুনিকে’ এসটিএফ গ্রেফতার করেছিল। মমতা দাবি করেন, ওই ব্যক্তি মেঘালয় হয়ে বাংলায় চলে এসেছিলেন। পরে বাংলার এসটিএফ তাঁকে গ্রেফতার করে।