ওঙ্কার ডেস্ক:উত্তর আরবসাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ! অভিযোগ, পাকিস্তানের নৌ বাহিনীর জাহাজ দ্রুত গতিতে এসে ভারতের নৌ বাহিনীর জাহাজে ধাক্কা মেরেছে। এর ফলে ক্ষয়ক্ষতি বিশেষ কিছু না হলেও গোটা ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনার পর দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়ারিচকে তলব করেছে বিদেশ মন্ত্রক।
ভারতের অভিযোগ, পাকিস্তানি নৌসেনার জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে এসে ভারতীয় নৌসেনার জাহাজে ধাক্কা মারে। মঙ্গলবার সন্ধ্যায় রুটিন টহলের সময় ঘটনাটি ঘটে। সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। ঘটনার পর পাকিস্তানের কূটনীতিকের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের ভাষায়, পাকিস্তানি নৌবাহিনীর আচরণ ছিল ‘অপেশাদার’ এবং ‘অগ্রহণযোগ্য’। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে পাকিস্তানকে সতর্কও করা হয়েছে। নয়াদিল্লির বক্তব্য, বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না ভারত। কারণ ঘটনায় সরাসরি দুই দেশের সামরিক নৌযান জড়িত। ফলে এর কূটনৈতিক গুরুত্বও রয়েছে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের দাবি, পাকিস্তানি নৌযানের এই আচরণ ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই চুক্তিতে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌযানের মধ্যে অন্তত তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। উদ্দেশ্য, সমুদ্রে দুর্ঘটনা এড়ানো।