ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইসকনের মাধ্যমে মিড-ডে মিল দেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে এখনই ইসকনের ‘অন্নমৃতা ফাউন্ডেশন’ জেলার স্কুলগুলিতে খাবার সরবরাহ করবে না। সোমবার স্কুল শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের পর বিবৃতি দিল ধর্মীয় সংস্থাটি।
নতুন সরকার গঠনের পর রাজ্যের সরকারি স্কুলে খাবার সরবরাহের ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রথম ধাপে কলকাতায় কাজ শুরু করার কথা ছিল ইসকনের। পরে ধীরে ধীরে অন্যান্য জেলাতেও পরিষেবা ছড়ানোর পরিকল্পনা ছিল। এই পরিকল্পনায় উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম এবং রাজারহাট-নিউ টাউন এলাকা ছিল। তালিকায় ছিল হাওড়া ও পুরুলিয়াও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ ব্লকেও খাবার পৌঁছনোর কথা ছিল। তবে সোমবার আচমকাই সেই পরিকল্পনায় ছেদ পড়ে। জানানো হয়, আপাতত আগের ব্যবস্থাই চালু থাকবে। অর্থাৎ স্কুলগুলিতেই খাবার রান্না এবং পরিবেশন করা হবে। এই সিদ্ধান্ত সামনে আসার পর প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়। কেন শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হল, তা নিয়েও শুরু হয় আলোচনা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বিবৃতি প্রকাশ করেছে ইসকন।
বিবৃতিতে অন্নমৃতা ফাউন্ডেশন জানিয়েছে, কলকাতায় তাদের মিড-ডে মিল পরিষেবা ইতিমধ্যেই চলছে। গত ১ অগস্ট কলকাতায় প্রথম কেন্দ্রীয় রান্নাঘর চালু করা হয়। সেখান থেকেই পুরসভা এলাকার সরকারি স্কুলগুলিতে খাবার পাঠানো হচ্ছে। সংস্থার দাবি, খাবারের মান নিয়ে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। খাবারের পুষ্টিগুণ, পরিচ্ছন্নতা এবং স্বাদের ক্ষেত্রেও প্রশংসা মিলেছে বলে জানিয়েছে তারা। আগামী দিনে জেলায় জেলায় খাবার পরিবেশনের বিষয়ে আশাবাদী ইসকন।