নিজস্ব প্রতিনিধি : প্রায় চার দশকের দীর্ঘ সময় পর পুলিশের জালে ধরা পড়লেন সিপিআই (মাওবাদী)-র সক্রিয় সদস্য অসীম মণ্ডল। সংগঠনে তিনি আকাশ, তিমির এবং মনোজ নামেও পরিচিত ছিলেন। বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশা পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড। তাঁর মাথার দাম নির্ধারণ করা হয়েছিল এক কোটি টাকা।
পুলিশ সূত্রের দাবি, কলকাতা টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন আকাশ। বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার কোনও একটি জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগে মাওবাদী সংগঠনের বই, পুস্তিকা এবং কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে গ্রেফতারির বিষয়ে এখনও রাজ্য পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ফুলচকের বাসিন্দা অসীম মণ্ডল। আশির দশকে ছাত্রজীবনেই অতি-বামপন্থী কার্যকলাপের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। পরে তিনি পিডব্লিউজির সদস্য হন। সেই সময় পশ্চিমবঙ্গের সারেঙ্গা ও গোয়ালতোড় এলাকায় সংগঠনের কাজ করেন তিনি। পাশাপাশি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গুড়াবান্দা এলাকাতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন। ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর সিপিআই (মাওবাদী) গঠিত হয়। এরপর জঙ্গলমহলে ফিরে সংগঠনের কাজে আরও সক্রিয় হয়ে ওঠেন অসীম। লালগড় আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে।