ওঙ্কার ডেস্ক: ডিলিমিটেশন বিল পাশ করাতে ফের সংসদ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। আগামী সপ্তাহেই সংসদ বসতে পারে বলে খবর। তবে সেটিকে আলাদা বিশেষ অধিবেশন বলা ঠিক হবে না। কারণ, চলতি বাদল অধিবেশনের মেয়াদই বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ খাতায়-কলমে এখনও শেষ হয়নি বাদল অধিবেশন। ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত এমন মুলতবির কয়েক দিনের মধ্যেই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়। কিন্তু এবার এখনও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি।
নিয়ম অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি হলেও রাষ্ট্রপতির আনুষ্ঠানিক প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তা আইনিভাবে শেষ হয় না। এই পরিস্থিতিতেই ফের সংসদ বসানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের দাবি, পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই তিন দিনের জন্য সংসদ ফের বসানোর পরিকল্পনা হতে পারে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হবে। ওই সময়কালে বিজেপির নেতৃত্বের মধ্যে শুভ কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলার প্রবণতা রয়েছে। তাই তার আগেই বিলটি পাশ করানোর চেষ্টা হতে পারে বলে জল্পনা।
এদিকে ডিলিমিটেশন বিল পাশ করাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়। এর জন্য সংবিধান সংশোধন করতে হবে। প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার। লোকসভায় সেই সংখ্যা ৩৬০। বর্তমানে এনডিএর হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন। ফলে প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে আরও সমর্থন দরকার। এনডিএর একাধিক শরিক দলের নেতার দাবি, সরকার ইতিমধ্যেই ফের সংসদ বসানোর প্রস্তুতি শুরু করেছে। বিল পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যার অঙ্কও অনেকটাই মেলানো হয়েছে বলে তাঁদের বক্তব্য।