ওঙ্কার ডেস্ক: বেটিং অ্যাপ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করেছিল ইডি। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লি অফিসে হাজিরা দিয়েছিলেন মিমি। তাঁকে টানা নয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
ইডি সূত্রের খবর খবর, বেটিং অ্যাপ সংস্থার কাছ থেকে কীভাবে এবং কত টাকা নিয়েছেন অভিনেত্রী তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে মিমির কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপের দুর্নীতি চক্রে যুক্ত থাকার অভিযোগে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তবে দিল্লির অফিস থেকে তাঁকে হাসিমুখে বেরোতে দেখা যায়। সংবাদমাধ্যমের সামনে তিনি মুখ খোলেননি। সূত্রের খবর, অবৈধ ভাবে চলা কয়েকটি বেটিং প্ল্যাটফর্ম মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। শুধু তাই নয় বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে তারা। এমনই এক বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে। মিমির ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরারও নাম জড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে। তাঁকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। তার আগে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয় ক্রিকেটার সুরেশ রায়নাকে। তলব করা হয়েছে, অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও।
