ওঙ্কার ডেস্ক: ভারত ও তার প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনারের অফিস থেকে এই বার্তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বার্তায় উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ সময়। দীর্ঘ এক মাস সংযম পালনের পর ঈদ এমন এক উৎসব, যা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারস্পরিক সহানুভূতির বার্তা পৌঁছে দেয়। এই উপলক্ষে বাংলাদেশ ও সে দেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোদী। চিঠিতে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং আস্থার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন। পাশাপাশি, এই উৎসবের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন তিনি। শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বিশ্ব শান্তি ও মানবকল্যাণের প্রসঙ্গও উঠে এসেছে এই বার্তায়। সকল মানুষের সুস্বাস্থ্য, সুখ এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ঈদের শুভেচ্ছাবার্তা বিনিময়কে ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এই ধরনের বার্তা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতের সম্পর্কের পথকেও মসৃণ করে।