ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। যার পর ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সেই পোস্টে উঠে এসেছিল অপারেশন সিঁদুর প্রসঙ্গ। মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন পাক ক্রিকেট কর্তা মহসিন নকভি।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। কিন্তু ক্রিকেটের সঙ্গে এই অভিযানকে জড়ানোয় ক্ষুব্ধ হয়ে ওঠেন নকভি। মোদীর পাল্টা তিনি বলেন, ‘যদি যুদ্ধ আপনার গর্বের মানদণ্ড হয়ে থাকে, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তোমার অপমানজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনও ক্রিকেট ম্যাচই সত্যকে নতুন করে লিখতে পারে না। খেলাধুলায় যুদ্ধকে টেনে আনা কেবল আপনার হতাশাকে প্রকাশ করে এবং খেলার চেতনাকে অবমাননা করে।’
উল্লেখ্য, রবিবার ফাইনাল ম্যাচের পর বিজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির। সূর্যকুমার যাদবরা পাক কর্তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এর পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চ থেকে চলে যান, এশিয়া কাপের ট্রফিটি তিনি সঙ্গে করে তাঁর হোটেল রুমে নিয়ে যান। এর আগে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করায় বিতর্ক তৈরি হয়েছিল।
