নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ভোট কারচুপি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের দায়ের করা আবেদনে ১৪টি ত্রুটি রয়েছে বলে জানাল সুপ্রিম কোর্ট। রেজিস্ট্রির তরফে জানানো হয়েছে, ২২০ টাকা কোর্ট ফি কম জমা পড়েছে এবং নয় জন আবেদনকারীর অনুমোদনপত্র নাকি জমা পড়েনি। এমনকি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পরিচয়পত্রের ফটোকপিও অস্পষ্ট।
সোমবার হাজার হাজার মানুষকে নিয়ে মধ্য দিল্লি থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যখন রাস্তায় মিছিল চলছে, তখনই শীর্ষ আদালতে আইনি দল আবেদন জমা দেয়। জানা যাচ্ছে, মামলাটির নাম দেওয়া হয়েছে ‘রাহুল গান্ধী বনাম ভারতের নির্বাচন কমিশন’।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি যে ত্রুটিগুলি তুলে ধরেছে তার মধ্যে রয়েছে — কয়েকটি ওকালতনামা জমা না দেওয়া, খড়গের পরিচয়পত্রের স্পষ্ট কপি না থাকা, ছোট ফন্টে লেখা, দুটি নথির রঙিন কপি জমা না দেওয়া, কিছু পাতায় লেখা ঝাপসা, কিছু পাতা না থাকা এবং পাতার নম্বরে গোলমাল।
আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, তৃণমূল সাংসদ সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, এম এ বেবি এবং আইইউএমএল নেতা ই টি মহম্মদ বশির। মামলায় বিবাদী করা হয়েছে ভারতের নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে।
আবেদনে মোট দশটি দাবি জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে SIR সংক্রান্ত সমস্ত নথি পেশের নির্দেশ, SIR-এর সাংবিধানিক বৈধতা পরীক্ষা, দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং একটি স্বাধীন কমিটির মাধ্যমে অডিটের দাবি।
সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার আগে আবেদনকারীদের এই সমস্ত ত্রুটি সংশোধন করতে হবে বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত, এর আগে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার জন্য বিরোধী নেতারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু তিনি জানিয়ে দেন মামলাটি বিচারাধীন থাকায় বাইরে দেখা করা সম্ভব নয়। তবে তিনি এও বলেন, সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য খোলা।