ওঙ্কার ডেস্ক: কংগ্রেস ও তার সহযোগী দলগুলি যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে সরব, তখন বিদেশ সফরে রয়েছেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতাকে নতুন করে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী তিন দশকেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার যমুনা নদী পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন অমিত শাহ। সেই অনুষ্ঠান থেকেই রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেন তিনি। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ চার দিনের ভিয়েতনাম সফরে গিয়েছেন। রাহুলকে উদ্দেশ করে শাহ বলেন, “আমি জানি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। কারণ, আপনি বিদেশের কোথাও রয়েছেন। আপনি কেন সেখানে গিয়েছেন, তা-ও ব্যাখ্যা করেন না। তবে সেটা আপনার ব্যক্তিগত বিষয়।” এরপরই কংগ্রেস নেতাকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি দিল্লিতে ফিরলে আমার কথা শুনবেন। আগামী ৩০ বছর আপনার ক্ষমতায় আসার সুযোগ হবে না।” রাহুল গান্ধীর বিদেশ সফরকে কেন্দ্র করে অমিত শাহের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।
উল্লেখ্য, রাহুলের বিদেশ সফর নিয়ে সরব হয়েছে বিজেপি। এই আবহে কেরলে সাংবাদিকেরা কংগ্রেস নেতা শশী থারুরের কাছে জানতে চান, কেন রাহুল গান্ধী বিদেশে গিয়েছেন। প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “আমি কোনও ট্রাভেল এজেন্ট নই। আমাকে এই প্রশ্ন করে লাভ নেই।” নিজের উদাহরণ টেনে থারুর আরও বলেন, তিনি কেন দিল্লি ছেড়ে কেরলে এসেছেন, সেই প্রশ্নও করা যেতে পারে। প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে। তাই এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। এর আগেও একাধিকবার তাঁর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বর্তমান রাজনৈতিক সংঘাতের মধ্যে এবার অমিত শাহ নিশানা করলেন সনিয়াতনয়কে।