ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ই ২০ পেট্রোল নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে অভিযান করবেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দুই লক্ষেরও বেশি নাগরিকের স্বাক্ষর করা আবেদনের প্রতিলিপি জমা দিতে তাঁর এই অভিযান বলে জানিয়েছেন আপ সুপ্রিমো। শনিবার তিনি বলেন, আগামী ৪ আগস্ট তাঁর সঙ্গে হাঁটবেন ‘লাঠিকে ভয় পায় না’ এমন আরও ১০০ জন। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক কর্মসূচি থেকে এই ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কালে বাণিজ্য চুক্তির ফলে মোদী সরকার ২০% ইথানল-মিশ্রিত জ্বালানি চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতেই’ এই নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ২০ জুলাই বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভ ক্রমে ছড়িয়ে পড়েছিল সারা দেশে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই ইস্যু থিতু হওয়ার আগে আরও ই২০ পেট্রোল নিয়ে মোদী সরকারকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা।
এদিন কেজরিওয়াল জানান, কয়েক দিন আগে শুরু হওয়া অনলাইন পিটিশনে ইতিমধ্যেই দুই লক্ষেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি বলেন, ‘আমি সেগুলোর প্রিন্ট-আউট নিয়েছি। মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে, ওই সব আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাব। সবার আসার প্রয়োজন নেই। আমি এমন ১০০ জনকে সঙ্গে নেব যারা লাঠির আঘাতকে ভয় পান না।’