ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে সে রাজ্যে ৭৮ জনের মৃত্যু হয়েছে। উত্তরপূর্বের এই রাজ্যের বিভিন্ন অংশে বন্যার জল কমতে শুরু করলেও, মৃতের সংখ্যা বাড়ায় এখনও উচ্চ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগামী তিন দিনের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
অসমের সাতটি জেলা এখনও বন্যা কবলিত। তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ৫৫০টিরও বেশি গ্রাম এখনও জলের তলায়। গত ২৪ ঘণ্টায় প্রশাসন আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে, যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিভিন্ন অংশে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বন্যা, হড়পা বান এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।
অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং, লোহিত, নামসাই, লংডিং, পাপুমপারে, লোয়ার সুবনসিরি এবং লোয়ার দিবাং ভ্যালি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অসমের ধেমাজি, লখিমপুর, চরাইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাট জেলাও ভারী বর্ষণের কবলে পড়তে পারে। নাগাল্যান্ডের মন, ওখা এবং মোককচুং জেলার জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।