ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর মৃত্যুর পাঁচ দিন পর শোকপ্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেকঘা করেছেন। শোকবইতে সমবেদনা ব্যক্ত করেছেন ভারতের বিদেশ সচিব। এই আবহে এদিনই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
খামেনেই নিহত হওয়ার পাঁচ দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের তরফে মন্তব্য করা হলেও ইরানের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। তবে কী আলোচনা হয়েছে দুজনের মধ্যে সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি তিনি। ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেছেন।
উল্লেখ্য, গত শনিবার ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে হামলা চালায় ইরানে। সেই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনেই। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ৮৬ বছর বয়সী প্রাক্তন সর্বোচ্চ নেতা খামেনেই ১৯৮৯ সাল থেকে দেশটি শাসন করছিলেন। ভারত কেন ইরানের উপর ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছিল না তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। সেই আবহে এই পদক্ষেপ নিল মোদী সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেরিতে হলেও ভারতের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
