ওঙ্কার ডেস্কঃ রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান রাজকীয় ভাবে পালিত হয়েছিল। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সেই সব অনুষ্ঠান হয়েছিল। এবার সেই অনুষ্ঠানই সিটের রাডারে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকারের তৈরি সিট এবার তদন্ত করবে ১২৪ কোটির খরচ নিয়ে। রামমন্দিরের নানা উৎসব-অনুষ্ঠানে খরচ হয়েছিল এই বিপুল অর্থ।
সূত্রের খবর, অডিট রিপোর্ট, পেমেন্ট ভাউচার, নানা খরচের বিল-সমস্তই আপাতত সিটের তদন্তের আওতায়। সেখান থেকেই চর্চায় উঠে আসছে তিনটি বড় অনুষ্ঠান। ২০২৪ সালে মন্দিরের উদ্বোধন, ২০২৫ সালের মহাকুম্ভের আয়োজন এবং ধ্বজারোহণ অনুষ্ঠান। উল্লেখ্য, এই তিনটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের খরচের হিসাব অনুযায়ী, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অন্তত ১১৩ কোটি টাকা খরচ হয়েছিল।
সূত্র মারফত খবর, অনুষ্ঠানের জন্য বিজ্ঞাপন বাবদই অন্তত ৫০ কোটি টাকা লেগেছে। পুজোর আচারে খরচ হয়েছে এক কোটি টাকারও বেশি অর্থ। এছাড়াও সাজসজ্জা, বিদ্যুৎ বিল, প্রসাদ ইত্যাদির খরচ ছাড়িয়েছিল কোটি টাকার মাত্রা। মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠানেও ১০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে সূত্রের খবর।
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে সিট। তাতে বলা হয়, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷