স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: স্পেনের কাছে হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে দল বিদায় নেওয়ার পরেই পদত্যাগ করার কথা জানালেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। তিনি অবশ্য দলের ব্যর্থতার দায় নিয়ে সরে যাচ্ছেন না। পর্তুগাল যে এবারের বিশ্বকাপ ফুটবলে ব্যর্থ হয়েছে, সে কথাই মানতে নারাজ মার্টিনেজ। এই স্প্যানিশ কোচ ২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেন। এবারের বিশ্বকাপ ফুটবলের পরেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পর্তুগালের ফুটবল সংস্থা চুক্তির মেয়াদ বাড়াবে কি না, সে বিষয়ে কোনও ঘোষণা করার আগেই সরে যাওয়ার কথা জানিয়ে দিলেন প্রধান কোচ। তিনি এবার অন্য কোনও দলের দায়িত্ব নেবেন।
পর্তুগালের পদত্যাগী প্রধান কোচ বলেন, ‘এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ ছিল। আমি গর্বিত। আমি ৪৫ ম্যাচে প্রধান কোচ হিসেবে ছিলাম। আমাকে পর্তুগালে স্বাগত জানানো হয়েছে। আমি ভালোবাসা পেয়েছি। এই স্মৃতি চিরকাল আমার সঙ্গে থাকবে। আমি আনন্দ পেয়েছি। পর্তুগালের প্রধান কোচ হিসেবে থাকা আমার কাছে গর্বের বিষয়। আমি দায়িত্ব পালন করেছি। এই দল ছেড়ে যাওয়া আমার পক্ষে কঠিন। তবে এক অধ্যায় শেষ হল। আমরা ব্যর্থ হইনি। আমরা এক ম্যাচে হেরে গিয়েছি। আমরা এমন এক দলের কাছে হেরেছি, যারা অন্যতম ফেভারিট। আমরা অবিশ্বাস্য প্রতিভা দেখিয়েছি। আপনি যখন জেতার চেষ্টা করেন না, তখনই হেরে যান। আমরা শেষ মিনিট পর্যন্ত জেতার চেষ্টা করে গিয়েছি।’
এদিকে রোনাল্ডো বললেন , ‘আমি পর্তুগালের হয়ে তিনবার খেতাব জিতেছি।’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে পর্তুগাল একবারও খেতাব জেতেনি। ২০১৬ সালে পর্তুগাল সবচেয়ে বড় খেতাব জেতে। সেবার ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। এই ফুটবলার আরও বলেন, ‘আমার কাছে ইউরো কাপ জয় বিশ্বকাপের সমান। এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় আমি দুঃখিত। আমি নিজের সবটুকু দিয়েছিলাম। আমি নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছি। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে বিশ্বকাপ ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি এবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পাব। আমি পরিবারের সঙ্গে থাকব। পরিবারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেব না। আমি আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নিই না।’