ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছিল। কোথাও কোথাও দাম বেড়েছিল জ্বালানির। কিন্তু ভারতে তা না কমায় এবার কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ যাদবের অভিযোগ, জ্বালানির দাম না কমিয়ে মোদী সরকার মানুষের স্বার্থের চেয়ে বিভিন্ন কোম্পানিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি তাঁর দাবি, বিজেপির ‘ধর্ম ও অর্থের রাজনীতি’ এখন শেষ হয়ে গেছে।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমেছে, যার ফলে পেট্রোল ও ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যান্য দেশের মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু এর উলটো দিকে ভারতে বিজেপি সরকার দাম কমাচ্ছে না; বরং তারা ক্রমাগত কোম্পানিগুলোর পকেট ভরছে। বিজেপি সরকার জনগণের কাছে নয়, বরং কোম্পানিগুলোর কাছে দায়বদ্ধ।’
অখিলেশ আরও অভিযোগ করেন, শাসক দলের সঙ্গে বিভিন্ন কোম্পানির আঁতাতের ফলেই মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি ঘটেছে। তাঁর কথায়, ‘আমাদের দেশে সবকিছুর দাম বাড়ার বা মুদ্রাস্ফীতির কারণ হল বিজেপির ‘কমিশন র্যা কেট’। আর সাধারণ মানুষকে এর মাশুল গুনতে হচ্ছে তেল, পরিবহন, ভ্রমণ, খাদ্যসামগ্রী ও অন্যান্য সব পণ্যের চড়া দামের মাধ্যমে।’ অযোধ্যা রাম মন্দির নির্মাণে অনুদান সংক্রান্ত দুর্নীতির বিষয়টি নিয়েও বিজেপির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন অখিলেশ। তিনি দাবি করেন, দলটির ‘সরল ও নিষ্পাপ সমর্থকরা’ এখন বুঝতে পেরেছেন, গেরুয়া শিবিরের আসল ধর্ম হল ‘অর্থ’। পোস্টের শেষে তিনি লেখেন, যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।’