ওঙ্কার ডেস্ক: বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা প্রধান কার্যালয়, যা দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের পার্টি অফিস হিসেবেই পরিচিত, সেখানে তালা ঝোলানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির একদল কর্মী হঠাৎ করে ওই পার্টি অফিসে ঢুকে তৃণমূলের উপস্থিত নেতাকর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত না করে তৃণমূলের নেতাকর্মীরা অফিস ছেড়ে বেরিয়ে যান। এরপর অফিসের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দুটি প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি, ওই পার্টি অফিস থেকেই পুরসভার কাউন্সিলরদের কাজ না করার নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে বোলপুর-সহ একাধিক পুরসভায় সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার নির্দেশও এই কার্যালয় থেকেই দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে পার্টি অফিসে তালা ঝোলানো হয়েছে বলে দাবি বিজেপির।
বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস জানান, পুরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। তাঁর অভিযোগ, কাউন্সিলররা পদত্যাগও করছেন না, আবার সাধারণ মানুষের কাজও করছেন না। সব নির্দেশ এই পার্টি অফিস থেকেই যাচ্ছে বলে তাঁদের ধারণা। সেই কারণেই প্রতিবাদ জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হলেও, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু ঘিরে দুই দলের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।