ওঙ্কার ডেস্কঃ যুদ্ধ বিরতি হয়েছে দুই দেশের। হরমুজ দিয়েও জাহাল চলাচলে বাধা নেই। সেই কারণে সস্তা হচ্ছে অশোধিত তেলের দাম। কিন্তু এই দাম কমার সুফল এখনই সাধারণ মানুষ পাচ্ছে না। কারণ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাফ জানিয়ে দিচ্ছেন, দেশে পেট্রল-ডিজেলের দাম কমার সম্ভাবনা এখনই নেই। আরও দু-তিন মাস অন্তত সময় লাগবে।
হরদীপ পুরী জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত মোটা অঙ্কের লোকসানে তেল বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সব মিলিয়ে ৭৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে সংস্থাগুলির। পেট্রোলিয়াম মন্ত্রী স্বীকার করেছেন, এতদিন ভারত নিজের সঞ্চিত পেট্রলের ভাণ্ডার ব্যবহার করছিল। যতদিন না পর্যন্ত সস্তার অশোধিত তেল ভারতের রিফাইনারিগুলিতে এসে পৌঁছাচ্ছে ততদিন দাম কমবে না।
হরদীপ পুরীর কথায়, “আজ আমরা আমাদের সঞ্চিত তেল ব্যবহার করছি। এই তেল আমরা দু’মাস আগে কিনেছি। এখন যদি এই দাম কমাটা আরও ২-৩ মাস এভাবেই কমতে থাকে, তাহলে পরে ভেবে দেখা যাবে। কিন্তু এটা আপাতত কাল্পনিক একটা পরিস্থিতি।”
আগামী ২-৩ মাস তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। ২-৩ মাস পর কমবে কিনা সেটাও নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের উপর। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তেলের দাম না কমালেও বেসরকারি সংস্থা দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি জ্বালানির দাম কমিয়েছে।