ওঙ্কার ডেস্ক: সেলফি মোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি ভিডিও সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। যেখানে ছাত্র আন্দোলনের সময় যারা তাঁকে নিয়ে কুরুচিকর কথা বলেছিল তাঁদেরকে ক্ষমা করে দেওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই বার্তার পরে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। তিনি লেখেন, কেবল রিলেই বিক্ষোভকারীদের ক্ষমা করে দেবেন নাকি তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর গুলোও প্রত্যাহার করে নেবেন?
গত এক সপ্তাহের মধ্যে শুক্রবার, প্রধানমন্ত্রী মোদী পঞ্চম বারের মতো ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, বিক্ষোভের সময় তাঁর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে যে পড়ুয়ারা তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। আর এই ভিডিওতে দীপকে মন্তব্য করেন, ‘শুধু রিলেই ক্ষমা করবেন, নাকি মামলাগুলোও তুলে নেবেন?’ উল্লেখ্য, যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নয়ডার এক কিশোরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যা নিয়ে বিতর্ক চলছে সেই আবহে প্রধানমন্ত্রীর ভিডিওটি সামনে আসে। যদিও নয়ডার ওই কিশোরী মোদীর বিরুদ্ধে কুকথা প্রয়োগ করার জন্য ক্ষমা চেয়েছেন।
শুক্রবার রাতের ভিডিওতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কিছু তরুণ কুকথা বলেছে। এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা সভ্য সমাজের জন্য শোভনীয় নয়। আমাকে ব্যক্তিগতভাবে গালি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রয়াত মা-কেও অপমানের শিকার হতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কুকথা বলে কোনও কিছুর সমাধান হয় না। তাদের শাস্তি দেওয়া, আদালতের মামলায় জড়ানো, বা হয়রানি করা – কোনও ভাবেই পরিস্থিতির বদল করবে না। আমি তাদেরকে ক্ষমা করতে চাই… আসুন, বিপথগামীদের সঠিক পথে চালিত করি।’