ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের পর তাদের আন্দোলনের চাপে পড়ে অবশেষে নতিস্বীকার করেছে মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। যা আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নিট ইউজি নিয়ে আন্দোলনের পর এবার দেশের গ্রামীণ এলাকায় সরকারি স্কুলগুলির মানোন্নয়নে জোর দিচ্ছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোমবার জানিয়েছেন, আগামী ১৫ আগস্টথেকে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করবে সিজেপি।
অভিজিৎ অভিভাবকদের আহ্বান জানিয়েছেন, স্কুলে মৌলিক সুযোগ-সুবিধা রয়েছে কিনা সে বিষয়ে সামাজিক নিরীক্ষা চালাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতির দায়িত্ব গ্রহণের জন্য গ্রাম প্রধানদের আহ্বান জানিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় দীপকে জানান, মহারাষ্ট্রের হিঙ্গোলিতে তিনি নিজের গ্রাম থেকেই এই উদ্যোগ শুরু করবেন। সেখানকার সরকারি স্কুলগুলোর উন্নতির অনুরোধ জানিয়ে গ্রামপ্রধানের সঙ্গে দেখা করবেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তাঁর কথায়, ‘আগামী ১৫ আগস্ট আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। কিন্তু গত ৮০ বছরে যদি কোনও বিষয় সবচেয়ে বেশি অবহেলিত বা উপেক্ষিত হয়ে থাকে, তবে তা হল আমাদের গ্রামের সরকারি স্কুলগুলো।’ তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা নতুন সংসদ ভবন তৈরি করেছি, প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন বানিয়েছি। অথচ কেন আমরা আমাদের গ্রামে নতুন স্কুল তৈরি করতে পারলাম না? আমরা কি কৃষক ও শ্রমিকদের সন্তানদের দেশের ভবিষ্যৎ বলে মনে করি না?’
অভিজিৎ দীপকে উল্লেখ করেন, গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য এখনও অনেকটা পথ হেঁটে যেতে হয়। পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক সুযোগ-সুবিধা তারা পায় না। তাঁর কথায়, ‘আজও গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য দীর্ঘ পথ হাঁটতে হয়। স্কুলে পৌঁছানোর পর তারা জল বা শৌচাগারের সুবিধা পায় না।’ বিশেষ করে ছাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন তিনি।