ওঙ্কার ডেস্কঃ প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল দেশ। রাজপথে পড়ুয়ারা। তাদের পাশে রয়েছেন সাধারণ মানুষ। তারাও আওয়াজ তুলছেন। এই পরিস্থিতিতে আলোচনা নিয়ে কেন্দ্র যখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তখন বিরোধীরা নিজেদের আগের অবস্থানেই অনড়। তাই নিয়ে সংসদে তুমুল হই হট্টগোল। বিরোধীদের দাবি, শিক্ষামন্ত্রীকে সরাতেই হবে। ইস্তফা ছাড়া আলোচনা হবে না।
বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিরোধীরা চাইলে সংসদে নিট, প্রশ্নফাঁস-সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। কিন্তু বিরোধী শিবিরের সাফ শর্ত, কোনওরকম আলোচনা শুরু করার প্রাথমিক শর্তই হল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
বৃহস্পতিবার সকালেও সংসদের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ধর্মেন্দ্রর ইস্তফার দাবি, পড়ুয়াদের উপর নির্যাতনে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। তবে এদিন পালটা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং পড়ুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে পালটা স্লোগান শুরু করেন শাসক শিবিরের সাংসদরাও।