ওঙ্কার ডেস্ক: দীর্ঘ আইনি টানাপোড়েনের পর ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র এক্স অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ জানিয়ে দেয়, যে কারণে কেন্দ্র সরকার ওই অ্যাকাউন্টটি ব্লক করেছিল, সেই পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই। ফলে অ্যাকাউন্টটি আনব্লক করতে আর কোনও বাধা নেই।
সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের করা আবেদনের শুনানিতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষাকে ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি বা অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কায় আগে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। তবে বর্তমানে নিট পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সেই আশঙ্কা আর নেই। তাই অ্যাকাউন্ট পুনরায় চালু করতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। কেন্দ্রের এই অবস্থানের ভিত্তিতেই আদালত পূর্ববর্তী ব্লক করার নির্দেশ প্রত্যাহার করে এক্স অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের নির্দেশ দেয়। আদালত পর্যবেক্ষণ করে, যে কারণ দেখিয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা এখন আর প্রাসঙ্গিক নয়। ফলে আবেদনকারীর দাবি মেনে নেওয়াই যুক্তিসঙ্গত। উল্লেখ্য, এর আগে দিল্লি হাই কোর্ট বিষয়টি পর্যালোচনার জন্য ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রিভিউ কমিটির কাছে পাঠিয়েছিল। একই সঙ্গে অভিজিৎ দীপককে ভার্চুয়াল মাধ্যমে নিজের বক্তব্য পেশ করারও অনুমতি দেওয়া হয়েছিল। সেই পর্যালোচনা প্রক্রিয়া ও পরবর্তী শুনানির পরই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
‘ককরোচ জনতা পার্টি’ মূলত একটি ব্যঙ্গাত্মক সামাজিক মাধ্যমভিত্তিক উদ্যোগ, যা সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাদের এক্স অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঘটনাকে ঘিরে মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছিল। আদালতের এই নির্দেশের পর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।