ওঙ্কার ডেস্ক: অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। বুধবার হাতে সংবিধান নিয়ে কন্নড় ভূমের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এদিন জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শিবকুমারের সঙ্গে এদিন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা জি পরমেশ্বর। মন্ত্রী হিসেবে আরও ১২ জন এদিন শপথ গ্রহণ করেন, যাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্রও রয়েছেন।
বুধবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর লোক ভবনের গ্লাস হাউসে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট ৭১ বছর বয়সী শিবকুমারকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। দক্ষিণ ভারতে কংগ্রেসের প্রধান সংকটমোচনকারী হিসেবে পরিচিত শিবকুমার। সিদ্দারামাইয়ার পদে অভিষিক্ত হলেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে গত ২৮ মে পদত্যাগ করেছিলেন সিদ্দারামাইয়া। দীর্ঘ কয়েক মাস ধরে কর্নাটকে নেতৃত্ব পরিবর্তনের জল্পনা চলছে। সেই জল্পনার অবসান ঘটল বুধবার। শিবকুমারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার। অবশেষে বর্ষীয়ান ওই নেতার ইচ্ছে পূরণ হল। উল্লেখ্য, শপথগ্রহণের সময় শিবকুমারের হাতে সংবিধান ছিল, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী যে সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক শাসনের অঙ্গীকারবদ্ধ, এটি তারই ইঙ্গিত।
মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন পূর্বসুরি সিদ্দারামাইয়া। শপথ গ্রহণের পর শিবকুমারকে তিনি শুভেচ্ছা জানান। শিবকুমার কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা। দলের সঙ্কটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য পরিচিত। রয়েছে সাংগঠনিক দক্ষতাও। দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের অন্যতম শক্তিশালী মুখ হিসেবে শিবকুমারকে মনে করা হয়। শিবকুমারের সঙ্গে যে ১৩ জন শপথ নিয়েছেন তারা হলেন – পরমেশ্বর, যতীন্দ্র (সিদ্দারামাইয়ার পুত্র), প্রিয়ঙ্ক খাড়গে (মল্লিকার্জুন খাড়গের পুত্র), কেএইচ মুনিয়াপ্পা, কেজে জর্জ, রামলিঙ্গা রেড্ডি, এমবি পাটিল, সতীশ জারকিহোলি, কৃষ্ণ বাইরেগৌড়া, ইউটি খাদের, ঈশ্বর খান্দ্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল।