ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যার পর যুদ্ধ শুরু হয়েছে। এক দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল, অন্য দিকে ইরান। ইজরায়েলে পাল্টা হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে তেহরান। তিন দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় ইতিমধ্যে কুয়েতে নিহত হয়েছেন তিন জন মার্কিন সেনা জওয়ান। গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। এই আবহে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ শেষ হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী দিনে আরও সেনা জওয়ান প্রাণ হারাতে পারেন। ইরান যে ভাবে পাল্টা হামলা চালাচ্ছে সে বিষয়ে সচেতন থেকে এ কথা বলেছেন ট্রাম্প। আগামী চার থেকে পাঁচ সপ্তাহ ইরানে আরও হামলা চালিয়ে যেতে পারে ওয়াশিংটন এবং তেল আভিভ। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে সে দেশে।
রিপোর্ট অনুসারে, যে তিন সেনার মৃত্যু হয়েছে তারা কুয়েতে নিযুক্ত ছিলেন। তেহরানে হামলার পর থেকে ইরানের বাহিনী কুয়েত-সহ পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। সেই হামলাতেই তিন জওয়ানের মৃত্যু হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ওই ঘটনায় তিন জনের মৃত্যুর পাশাপাশি আরও কয়েক জন জখম হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
