ওঙ্কার ডেস্ক : ত্রাণসামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমানটি নেপালে পৌঁছানোর পর বন্যাদুর্গতদের জন্য সেসব সামগ্রী হস্তান্তর তুলে দেওয়া হল নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, “১১ টন ত্রাণসামগ্রী বহনকারী চতুর্থ বিমানটি নেপালে পৌঁছেছে। বিধ্বংসী বন্যার পর চলতি সহায়তার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সামগ্রীগুলো হস্তান্তর করা হয়েছে।”
এই সামগ্রীর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি ‘টানেল টেকনিক্যাল টিম’ বা সুড়ঙ্গ বিষয়ক কারিগরি দল এবং ডিএনএ বিশ্লেষণের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, স্লিপিং ব্যাগ, ত্রিপল, প্লাস্টিকের শিট এবং স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সামগ্রীর কিট (হাইজিন কিট)।
এর আগে, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানিয়েছেন,, ভারতের চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে অবতরণ করেছে। তিনি লেখেন, “এটি নেপালের চলতি উদ্ধার ও ত্রাণের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও কারিগরি সক্ষমতা নিয়ে এসেছে।”
নেপালের উদ্দেশ্যে ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০ বিমানটি রওনা হওয়ার আগে মন্ত্রী জয়শঙ্কর ‘এক্স’-এ লিখেছিলেন, বিমানটিতে অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি টানেল টেকনিক্যাল দল, ডিএনএ বিশ্লেষণের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ ও সরঞ্জাম এবং কম্বল, স্লিপিং ব্যাগ, ত্রিপল, প্লাস্টিকের শিট ও হাইজিন কিটসহ বিভিন্ন ত্রাণসামগ্রী রয়েছে।
মন্ত্রী জয়শঙ্কর আরও জানিয়েছেন, ২৩০ ফুট দীর্ঘ এক-লেনের মডুলার স্টিল ব্রিজের সরঞ্জাম বহনকারী ১৬টি ট্রাক ইতিমধ্যে নেপালে পৌঁছেছে। তিনি আরও জানান, আরও সাতটি বেইলি ব্রিজ স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম শীঘ্রই সরবরাহ করা হবে এবং সেগুলো বসানোর কাজে নিয়োজিত কারিগরি দলও শীঘ্রই সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিদেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জরুরি ওষুধ, বহনযোগ্য জেনারেটর সেট, খাবারের প্যাকেট, জল বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং কারিগরি সরঞ্জামসহ মোট ৬৮.৫ টন ত্রাণসামগ্রী আকাশপথে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। জয়শঙ্কর বলেছেন, “ত্রাণ ও উদ্ধারকাজে আমাদের সহায়তা অব্যাহত রয়েছে।”
এদিকে, ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৭৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮৯ জন বিদেশি নাগরিকসহ মোট ২,৪৯৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।