ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। এ ছাড়া জখম হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় এবার ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে।
মঙ্গলবার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় নৌ-পথে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোম্বাসা ও আল বাহিয়া নামের দুটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। সংযুক্ত আরব আমিরশাহি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, তার পরই এই কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। ওই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়া ছাড়াও আরও আট জন জখম হন। আহতদের মধ্যে ছয় জন ভারতীয় ও দুজন ইউক্রেনীয়। জখম নাবিকদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। হরমুজ প্রণালীতে ওমানের জলসীমায় দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরান মোম্বাসা ও বাহিয়া নামের তেলবাহী ট্যাঙ্কারের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। মোম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হন। সংযুক্ত আরব আমিরশাহি এই হামলাকে ‘নির্লজ্জ আক্রমণ’ বলে অভিহিত করেছে। হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের বাহিনী আইআরজিসি এর তরফে দাবি করা হয়েছে, তারা দুটি জাহাজে হামলা চালিয়েছে। যদিও সে দুটির নাম তারা প্রকাশ করেনি। তেহরানের দাবি, অবৈধ ভাবে চলাচল করছিল জাহাজ দুটি।