ওঙ্কার ডেস্ক: বেআইনি বালি পাচার রুখতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু কর্তব্যরত অবস্থায় তাঁকে পিষে দিল অবৈধ বালি ভর্তি ট্রাক্টর। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রানপুরের কাছে।
রিপোর্ট অনুসারে, মোরেনায় চম্বল নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে ট্রাক্টরে ভর্তি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় পথ আটকান বনরক্ষী হরিকেশ গুরজর। তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাক্টরটি। আম্বাহ ফরেস্ট রেঞ্জের টহলদারি টিমের সদস্য ছিলেন হরিকেশ গুরজর। জাতীয় চম্বল ঘড়িয়াল অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় অবৈধ ভাবে বালি তোলা চলছিল। তা বন্ধ করতে আগে থেকেই সতর্ক ছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে রানপুরের কাছে ৫৫২ জাতীয় সড়কের কাছে চৌকি তৈরি করেন। অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরটিতে বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল। বন বিভাগের আধিকারিকরা সেটিকে থামানোর চেষ্টা করেন। হরিকেশ গুরজর সামনের দিকে ছিলেন। সেই সময় হরিকেশকে পিষে দিয়ে চলে যায় ট্রাক্টরটি।
সহকর্মীরা তড়িঘড়ি গুরজরকে পুলিশের গাড়িতে করে তুলে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞাতপরিচয় চালক ও গাড়িটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই সঙ্গে অভিযুক্তকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনার পরপরই জেলা প্রশাসন, পুলিশ এবং বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।