ওঙ্কার ডেস্ক: দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের চত্বরে বুলডোজার অভিযান। বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের কাছে কয়েকটি কাঠামো তৈরি করা হয়েছিল। সেখানে ব্যারিকেড ও ধাতব রেলিংও বসানো হয়েছিল বেআইনি ভাবে। আর সে কারণে ভেঙে দেওয়া হয়েছে সেগুলি।
অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিওতে হাই কমিশন চত্বরে ভাঙা বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে। সেখানে ধাতব রেলিং, কংক্রিটের টুকরো এবং ইট পড়ে থাকতে দেখা গিয়েছে।
এছাড়াও টিনের শেড ও সাদা ধাতব বেড়ার অংশও দেখা গিয়েছে। তবে পাকিস্তান হাই কমিশনের মূল ভবনে কোনও ক্ষতি করা হয়নি। মূল প্রবেশপথও অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে এই ঘটনা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, মাত্র কয়েক দিন আগে ১৭ আগস্ট ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। পাকিস্তান সরকারের ওই পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ব্যারিকেড সরানোর বিষয়ে ইসলামাবাদের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি বলে অভিযোগ। এর তিন দিনের মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে বেআইনি নির্মাণ সরানোর ঘটনা ঘটল। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে বুলডোজার অভিযান নিয়ে এখনও পর্যন্ত ইসলামাবাদের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।