ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জম্মুকাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করেছে বাহিনী। জইশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গিদের নিকেশ করতে শীতের মরসুমে উপত্যকায় বিশেষ অভিযান শুরু করতে চলেছে সেনা। কিশতওয়ার এবং ডোডা জেলার দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হবে। ২১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলা তীব্র শীত থাকে। এই সময়কালকে ‘চিল্লাই কালান’ বলা হয়। আগে এই সময়ে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হতো। তবে এবার সেই কৌশলে বদল এনেছে বাহিনী। সূত্রের খবর, প্রায় ২ হাজার জওয়ানকে অভিযানে নামানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের নেতাদের নিকেশ করার লক্ষ্যে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। জইশ-ই-মহম্মদ কম্যান্ডার সইফুল্লাহ এবং তার সহযোগী আদিলকে আগে থেকেই খুঁজছে ভারতীয় বাহিনী। এই জঙ্গিদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ঘোষণা করেছে সেনা। এ ছাড়া হিজবুল মুজাহিদিন জঙ্গিরা কিশতওয়ারের প্যাডার মহকুমায় ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। জঙ্গি জাহাঙ্গীর সারুরি এবং তার দুই সঙ্গী মুদাসির ও রিয়াজকে ধরার চেষ্টা চালাচ্ছে ভারতীয় বাহিনী। এই তিন জনের মাথার দাম ১০ লক্ষ টাকা করে রাখা হয়েছে।
উল্লেখ্য, শীতের মরসুমে উপত্যকায় তুষারপাত হয়। বরফে ঢাকা পাহাড়ের ওপর অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে ভারতীয় সেনা। উদ্দেশ্য, জঙ্গিদের পালানোর রাস্তা বন্ধ করে দেওয়া। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতা করছে। পাহাড়ের অচেনা পথ এবং গোপন ডেরাগুলো চিনতে ভারতীয় সেনাকে সাহায্য করছেন তাঁরা।
