ওঙ্কার ডেস্ক: মহিলাদের ক্ষমতায়নের জন্য মাসে মাস এটাকা দেওয়ার প্রকল্প চালু করেছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু সেই ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন’ প্রকল্প থেকে বাদ পড়লেন প্রায় ৮০ লক্ষ মহিলা। সে রাজ্যের বিশাল সংখ্যক মহিলা এই প্রকল্প থেকে বাদ পড়ায় সরব হতে শুরু করেছে বিরোধীরা। মহারাষ্ট্র সরকার ‘তীব্র আর্থিক সংকটের’ কারণে উপভোক্তার সংখ্যা কমানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা।
সোমবার এক ঊর্ধ্বতন সরকারি আধিকারিক জানান, ৩০ এপ্রিল ই-কেওয়াইসি সময়সীমা পার হয়েছে। যার ফলে এই সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ২.৪ কোটি থেকে কমে প্রায় ১.৭ কোটি হয়েছে। তবে সরকারের দাবি, এই উল্লেখযোগ্য সংখ্যক সুবিধাভোগীর সংখ্যা কমে গিয়েছে কারণ যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি তাঁরা। মহিলাদের ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য আট মাস সময় দেওয়া হয়েছিল বলে জানান ওই সরকারি আধিকারিক। তাঁর কথায়, ‘প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ মহিলা সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। দুই থেকে তিন লক্ষ মহিলা এই সময়ের মধ্যে ভুল সংশোধন করেছেন। এছাড়াও, প্রায় ১২ লক্ষ মহিলাকে ২.৫ লক্ষ টাকার বার্ষিক আয়ের সীমা অতিক্রমকারী আয়করদাতা হিসেবে পাওয়া গেছে এবং ৪.৫ লক্ষেরও বেশি মহিলার বয়স ৬৫ বছরের বেশি।’
যেসব মহিলা ই-কেওয়াইসি সম্পন্ন করার পরেও মাসিক কিস্তি পাননি তাদের অভিযোগের জবাবে ওই আধিকারিক বলেন, ‘প্রকৃত সুবিধাভোগীদের চূড়ান্ত সংখ্যা এক সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।’ তিনি আরও বলেন, শুধুমাত্র ই-কেওয়াইসি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার কারণে ৮০ লক্ষ মহিলাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রকল্পটি শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে সরকার ধীরে ধীরে সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে আনছে।