ওঙ্কার ডেস্ক: নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়ালেন অভিনেতা সলমন খান। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা।
সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ককরোচ জনতা পার্টির ডাকে শুরু হওয়া ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। তাঁর মতে, এই লড়াই শুধুই শিক্ষার উন্নতির জন্য। তাই এতে রাজনীতির রঙ যেন না লাগানো হয়। সলমন খান লেখেন, পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার বিরুদ্ধে পড়ুয়ারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি জানাচ্ছে, তা প্রশংসনীয়। সিজেপির ডাকে ২০ জুলাই যে সংসদ অভিযান হয়েছিল, সেখানে পুলিশের দমনপীড়নের প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেতা। গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সংঘর্ষে যেসব ছাত্রছাত্রী আহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, ইতিমধ্যে সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন একাধিক তারকা। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, দুলকার সালমান, পূজা ভাট, পরিচালক ইমতিয়াজ আলী আন্দোলনকারীদের সমর্থনে নিজেদের অবস্থান ঘোষণা করেছেন। শাবানা আজমি, প্রকাশ রাজের মতো তারকারাও প্রকাশ্যে শিক্ষার্থীদের লড়াইকে সমর্থন করেছেন।