ওঙ্কার ডেস্ক: জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে ভেনেজুয়েলা। শতাব্দীর মধ্যে দেশটি এমন বিপর্যয়ের মুখোমুখি হয়নি। বেনজির প্রাকৃতিক বিপর্যয়ের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্ধারকাজে সাহায্য করতে ভেনেজুয়েলায় ত্রাণসামগ্রী পাঠাল ভারত। পাঠানো হয়েছে চিকিৎসা সরঞ্জামও। শুক্রবার বায়ুসেনার দুটি সি ১৭ বিমানে করে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। নয়াদিল্লি এই উদ্ধার অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আমিস্তাদ’।
শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ বিমানে করে একটি ফিল্ড হাসপাতাল ইউনিট এবং ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে। এদিন দুপুরে বিদেশমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অপারেশন আমিস্তাদ শুরু হয়েছে! ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কাজে সাহায্যের জন্য জরুরি সহায়তা নিয়ে আজ ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ বিমান ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিপদের সময় বন্ধুর মতো পাশে থাকার যে পদক্ষেপ ভারত সরকার নিয়েছে তাতে আন্তর্জাতিক দুনিয়ায় দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৫। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩০০। ইতিমধ্যে ভারতের সেনার তরফে বিশেষ চিকিৎসকদের দল পাঠানো হয়েছে ভেনেজুয়েলায়। হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে করে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে চিকিৎসকদের ওই দলটি। যে দলে মোট ৪১ জন রয়েছেন। যার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৬০ প্যারা ফিল্ড হাসপাতাল-এর ৯ জন চিকিৎসা আধিকারিকও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ ইউনিটটি দুর্যোগের সময় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ভেনেজুয়েলায় পৌঁছানোর পর, ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা দিতে এই দলটি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবে।